নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে গতকাল মঙ্গলবার দুপুরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৬ জন আহত হন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন গণমাধ্যমকে জানান, দুপুর একটার দিকে ২০ থেকে ২৫ জন দুর্বৃত্ত ক্লাব ভবনের পঞ্চম তলায় উঠে হামলা ও ভাঙচুর চালায়। ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা বাধা দিলে তাদের ওপরও হামলা চালায় তারা। এ সময় আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, সময় টিভির ক্যামেরাপারসন আরিফ ও প্রেস ক্লাবের তিন কর্মচারী আহত হন। পরে পুলিশ আহত অবস্থায় মাসুদ রানা রনি নামের একজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
আবু সাউদ মাসুদ বলেন, ‘প্রেস ক্লাব দখল করতে এসেছিল কয়েকজন। তখন তাদের আমরা কেন এসেছে, কী পরিচয় জানতে চাইলে আমাদের ওপর চড়াও হয়।’
অনলাইন ওয়েব পোর্টাল নারায়ণগঞ্জ মেইলের সাংবাদিক মাসুদ রানা রনি বলেন, ‘তিনটি দাবি নিয়ে আমরা প্রেস ক্লাবে যাই। আমরা আমাদের আবেদন ও দাবি নিয়ে কথা বলার একপর্যায়ে ক্লাবের সদস্যরা আমাদের ওপর হামলা করেন।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জানান, উভয় পক্ষ অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।