রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ২ ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই সহদোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তারা হলেন বড় ভাই ইসমাইল (২৫) ও ছোট ভাই সোহেল।

চাচা মঙ্গল মিয়া বলেন, ‘২৫ অক্টোবর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডরগাঁও এলাকায় ভাড়াটিয়া বাড়িতে কয়েলের আগুন থেকে গ্যাসলাইনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আমার ভাই মোহাম্মদ বাবুল, ভাইয়ের স্ত্রী মোছাম্মৎ সেলি, ভাতিজা ইসমাইল, সোহেল, ভাতিজি মোছাম্মৎ তাসলিমা ও মুন্নী দগ্ধ হয়। এর মধ্যে গতকাল সকালে ভাতিজা ইসমাইল ও সোহেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। বাকিদের অবস্থাও সংকটাপন্ন।’

এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান মিজান বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইসমাইল ও সোহেল নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।