সালমানের উদ্দেশে ফের হুমকি বার্তায় বিশেষ পদক্ষেপ সেলিম খানের

গত কয়েক মাস ধরে একের পর এক হুমকি পেয়ে আসছেন সালমান খান। এমনকি তার বাড়ি গ্যালাক্সির সামনেও গুলি চালায় লরেন্স বিষ্ণোইয়ের দল। সালমানের ঘনিষ্ঠরাও রয়েছেন নিশানায়, এমন হুমকিও এসেছে। 

সালমানকে কোনোভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছে না তারা। ফের হুমকি এসেছে ভাইজানের উদ্দেশে। ২ কোটি টাকা না দিলে খুন করা হবে। মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে এই হুমকি এসেছে। আতঙ্কের প্রহর কাটাচ্ছে সালমানের পরিবার। এই আবহেই নতুন পদক্ষেপ নিলেন সালমানের বাবা সেলিম খান।

ধনতেরস উপলক্ষে নতুন একটি গাড়ি কিনলেন সেলিম খান। প্রথমে শোনা যাচ্ছিল, নিরাপত্তার খাতিরেই সেলিমকে এই গাড়ি কিনে দিয়েছেন সালমান। কিন্তু পবিত্র রীতি মেনেই নাকি নতুন গাড়ি কিনেছেন প্রবীণ চিত্রনাট্যকার। ধনতেরসে গাড়িটি পূজা করে বাড়িতে স্বাগত জানিয়েছেন তারা। 

সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, এক পুরোহিত ফুলের মালা পরিয়ে দিচ্ছেন গাড়িতে। পরিবারের অন্য সদস্যদের দেখা গেলেও এই ভিডিওতে সেলিম ও সালমানকে দেখা যায়নি। সেলিমের কেনা মার্সিডিজ বেনজ-এর দাম ১.৫৭ কোটি রুপি।

বুধবার মুম্বাই ট্রাফিক পুলিশের কাছে সালমানের জন্য নতুন করে হুমকি আসে। তবে সেই হুমকি কে বা কারা দিয়েছেন, এখনও স্পষ্ট নয়। মুম্বাইয়ের ওরলিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু হয়েছে।

গত ১২ অক্টোবর গুলি করে খুন করা হয় সালমান ঘনিষ্ঠ প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকিকে। খুনের দায় স্বীকার করে বিষ্ণোই গ্যাং। বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিও খুনের হুমকি পেয়েছেন। তিনি মুম্বাইয়ের বান্দ্রা-পূর্ব আসনের বিধায়ক। শুক্রবার সন্ধ্যায় তার বান্দ্রার অফিসে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। ফোনে জিশানকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে সালমানের নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।