ড্রোন হামলার ভয়ে ছেলের বিয়ে পেছাতে চান নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বহুমুখী যুদ্ধ এবং ড্রোন হামলার মধ্যে নিরাপত্তা উদ্বেগের কারণে তার ছেলে অ্যাভনারের আসন্ন বিয়ে স্থগিত করতে চান। আগামী ২৬ নভেম্বর তেল আবিবের উত্তরে শ্যারন অঞ্চলের রনিট ফার্মে  আভনার নেতানিয়াহুর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, গাজা ও লেবাননে যুদ্ধ এবং হিজবুল্লাহর ড্রোন হামলার হুমকির মুখে নেতানিয়াহু নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তার ছেলে আভনার আসন্ন বিয়ে স্থগিত করতে চান। 

ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম কান নেতানিয়াহুর সহযোগীদের বরাত দিয়ে জানায়, নির্ধারিত সময়ে অনুষ্ঠানটি করা হলে অংশগ্রহণকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি নেতানিয়াহুর কার্যালয়।

এর আগে গত ১৯ অক্টোবর লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া একটি ড্রোন নেতানিয়াহুর সিজারিয়া শহরের বাসভবনের বেডরুমে আঘাত হানে। বিস্ফোরণের ফলে তার বাসভবনের ক্ষয়ক্ষতিও হয়।

সামরিক বাহিনীর সেন্সরকৃত একটি ছবিতে হিজবুল্লাহর ওই দিনের ড্রোন হামলায় নেতানিয়াহুর বাসভবনে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে চিত্র উঠে আসে। বিস্ফোরণের কারণে তার বেডরুমের একটি জানালার কাঁচ ফেটে যায়।