জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দেবে না মন্তব্য করে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার সিন্ডিকেট সহ্য করা হবে না। আমাদের চাপে রেখে ছাত্রদের ব্যবহার করে যারা অটোপাস আদায় করতে চায় তাদের উদ্দেশ্যে বলছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কোনো অটোপাস দেওয়া হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অটোপাস দিলে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ সমস্ত শিক্ষাব্যবস্থার সংস্কার প্রয়োজন। এ দেশের ৭০ শতাংশ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের কারিকুলামে কর্মমুখী শিক্ষাব্যবস্থা নেই। আমি দায়িত্ব পাওয়ার পর কারিকুলাম পরিবর্তন করে বিভিন্ন আইসিটি ও সফট স্কিল অন্তর্ভুক্ত করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের জন্য কর্মমুখী শিক্ষাব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।
আলোচনা সভা ও শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপস্থিতি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন ও পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম প্রমুখ।
গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটোপাসের দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেন শিক্ষার্থীরা। এখনো তারা অটোপাসের দাবি জানিয়ে আসছেন।