যশ রাজ স্পাই ইউনিভার্সের আসন্ন সিনেমা ‘আলফা’তে কোনো কমতি রাখছেন না নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। এতে গোয়েন্দা এজেন্ট রূপে দেখা যাবে আলিয়া ভাট ও শর্বরী ভায়াঘকে।
নতুন খবর হচ্ছে, এই সিনেমাতে আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন হৃতিক রোশন। অর্থাৎ ‘আলফা’ য় ‘কবীর’ চরিত্রে দেখা মিলবে হৃতিকের।
২০১৯ সালে ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এ এজেন্ট কবীরের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন হৃতিক রোশন। এবার ‘আলফা’য় দেখা যাবে ‘কবির’-এর ক্যামিও।
জানা গেছে, ক্যামিও চরিত্রে অভিনয় করার জন্য কিছুদিনের মধ্যেই শুটিং শুরু করবেন হৃতিক। তিনি বর্তমানে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার ২’ সিনেমাটি নিয়ে ব্যস্ত। এই সিনেমায় হৃতিকের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আদভানি। খলনায়কের চরিত্রে অভিনয় করবেন জুনিয়র এনটিআর।
শিব রাওয়েল পরিচালিত ‘আলফা’ সিনেমাটির বেশিরভাগ শুটিং হবে কাশ্মীরে, বাকিটা মুম্বাইয়ে। ১০ দিন ধরে কাশ্মীরে শুটিং হবে বলে জানা গেছে। এতে আরও অভিনয় করতে দেখা যাবে ববি দেওল এবং অনিল কাপুরকেও।