বিএনপিতে অনুপ্রবেশকারীর কোনও সুযোগ নাই। কোনও চাঁদাবাজি, দখলদারি ও লুটতরাজের সুযোগ নাই উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আমরা এই বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার জিরো টলারেন্স দেখাব।
আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানী পল্লবীর দোয়ারীপাড়া এলাকায় ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, এখন বাংলাদেশে কোনও আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে। তারা নব্য বিএনপি তৈরি হয়েছে। এই আওয়ামী লীগ নব্য বিএনপি হয়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলদারি ও লুটতরাজ করছে। এদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। প্রতিরোধ করতে হবে। কারণ এই দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে দলে অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু বিএনপিতে কোনও অনুপ্রবেশকারীর সুযোগ নাই।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা গত ১৭ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের লোকজনের ওপর এবং সাধারণ জনগণের ওপর জুলুম-অত্যচার ও নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম, খুন ও হত্যা করেছে। কোনও অবস্থাতেই এই স্বৈরাচার আওয়ামী লীগের স্থান বাংলাদেশের কোথাও হবে না।
এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, রুপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি. মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।