ভারতের ব্যাটিংয়ের পরেই নাকি উইকেট বদলে ফেলা হয়; ২০২৩ বিশ্বকাপের সময় পাকিস্তানের কিছু গণমাধ্যম এই প্রশ্ন তুলে হয়েছিল হাসির খোরাক। বাংলাদেশ দলের ব্যাটিং দেখেও রসিকতা করেই এমন প্রশ্ন তুলছেন অনেকে। যে উইকেটে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করল, সেই একই ২২ গজে ব্যাট করতে নেমেই কিনা বাংলাদেশের ৩৩ রান করতেই ৪ উইকেট নেই!
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩৮/৪, ৫ রান বাংলাদেশ পেয়েছে পেনাল্টি থেকে। সেনুরান মুথুসামী উইকেটের ওপর দৌড়ানোর কারণে তার দলকে ৫ রান জরিমানা করা হয়েছে, তাই বাংলাদেশ ইনিংস শুরুই করেছে ৫ রান স্কোরবোর্ডে নিয়ে। প্রথম দুটো দিনের বেশিরভাগ সময় জুড়েই মনে হচ্ছিল জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের উইকেটে বোলারদের সাফল্য পেতে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, সেখানেই মাত্র ৭ ওভারের ভেতর ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান সাদমান আহমেদ লেগসাইড দিয়ে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছুঁইয়ে আউট হয়েছেন শূন্য রানে, কাগিসো রাবাদার অফসাইডের বাইরের বলে ব্যাটের কানা লাগিয়ে ২ রান করে আউট হয়ে গেছেন জাকির হাসান। উইয়ান মুল্ডারের পাতা ফাঁদে পা দিয়ে, আগের বলে কভার ড্রাইভে চার মারার পর একইভাবে পরের বলটা খেলতে গিয়ে সিøপে ক্যাচ দিয়েছেন মাহমুদুল হাসান জয় (১০) আর নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৭ বল খেলে কেশব মহারাজের বলে বোল্ড হয়ে গেছেন হাসান মাহমুদ। যে উইকেটে দক্ষিণ আফ্রিকার প্রথম ৪টা উইকেট নিতে বাংলাদেশের খরচ হয়েছে ৩৯১ রান আর বল করতে হয়েছে ১০০ ওভারের বেশি, সেখানে মাত্র ৭ ওভারেই বাংলাদেশের ৪ উইকেট তুলে নিয়েছে প্রোটিয়ারা।
২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সকালের সেশনে কিছুটা সাফল্যের দেখা পায় বাংলাদেশ। হাফসেঞ্চুরির পর ডেভিড বেলিংহাম আউট হয়ে যান তাইজুল ইসলামের বলে, ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগানো টনি ডি জর্জি ১৭৭ রান করে তাইজুলের বলেই লেগ বিফোর উইকেটের শিকার। প্রথম টেস্টে সেঞ্চুরি করা কাইল ভেরাইন তাইজুলের বলে এবার শূন্য রানেই আউট আর রায়ান রিকেলটন (১২) উইকেটের পেছনে ক্যাচ দেন নাহিদ রানার বলে। ৩৯১ রানে প্রোটিয়াদের ৫ উইকেট তুলে নেওয়ার পর মনে হচ্ছিল তাদের সংগ্রহটা খুব একটা বড় হবে না। কিন্তু লেজের দিকের ব্যাটসম্যানদের রান করতে দেওয়াটা বাংলাদেশের পুরনো অভ্যাস! বামহাতি স্পিনার হিসেবে একাদশে আসা সেনুরানান মুথুসামী, যার প্রথম শ্রেণির ক্রিকেটে ৮টা সেঞ্চুরি থাকলেও টেস্টে সর্বোচ্চ ইনিংস ছিল ৪৯* রানের, বাংলাদেশের বিপক্ষেই তার নতুন ক্যারিয়ার সেরা ইনিংস ৬৮* রানের। মুল্ডারের সঙ্গে তার সপ্তম উইকেটে ১৫২* রানের জুটি। টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবসের পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন মুল্ডারও। তাইজুলের বলে মারা ছক্কায় ৯৯ থেকে তিন অঙ্কে পৌঁছেছেন, সঙ্গে সঙ্গে অধিনায়ক এইডেন মার্করামও দিয়েছেন ইনিংস ঘোষণার সংকেত।
১০ মিনিটের ইনিংস বিরতির পর বাংলাদেশ ব্যাট করতে নামতেই যেন ব্যাটিং স্বর্গ বদলে গেল বোলিং উইকেটে! কালই টেস্ট র্যাংকিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন কাগিসো রাবাদা, ২০১৯ সালের পর জায়গাটা ফিরে পেয়েছেন এই প্রোটিয়া পেসার। ২০১৮’র জানুয়ারি থেকে ২০১৯’র ফেব্রুয়ারি পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ টেস্ট বোলার ছিলেন রাবাদা। প্রথম ওভারেই সাদমানকে আউট করে প্রত্যাবর্তনটা স্মরণীয় করে রাখলেন ‘কেজি’। ইনিংসের পঞ্চম ওভারে জাকির উইকেটের পেছনে ক্যাচ দিলেন রাবাদার বলে। মাহমুদুল হাসান জয়কে চমৎকারভাবে ফাঁদ পেতে আউট করেন মুল্ডার। আগের বলে চার মেরেছিলেন কাভার ড্রাইভে, পরের বলটা মুল্ডার ফেলেছেন আরেকটু সামনে। একই ভঙ্গিমায় খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন জয়। হাসান মাহমুদকে পাঠানো হয়েছিল দিনের খেলাটা শেষ করে আসার জন্য, কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি এই বোলার। কেশব মহারাজ তাকে আগেই ফেরত পাঠিয়েছেন।
দ্বিতীয় দিনের খেলা শেষে ৫৩৭ রানে পিছিয়ে বাংলাদেশ, চোখ রাঙাচ্ছে ইনিংস ব্যবধানে হার। তবে এই সময়ে খুব কম দলই প্রতিপক্ষকে ফলোঅন করায়, তাই আজ হয়তো দক্ষিণ আফ্রিকা অল্প সময়ের জন্য ব্যাট করতে নামবে, তারপর আরও বাড়িয়ে দেবে এরই মধ্যে চাপিয়ে দেওয়া রানের বোঝাটা।