শান্তদের ‘ম্যাচ ফি’ কেটে সাফ চ্যাম্পিয়ন মেয়েদের উপহার দেওয়ার দাবি

হিমালয়কন্যা নেপালে যখন টানা দ্বিতীয়াবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা, তখন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে পরাজয়ের ক্ষণ গুনছিল জাতীয় পুরুষ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তদের পারফর্মেন্সে এমনিতেই ক্ষুব্ধ ক্রিকেটপ্রেমীরা। তার ওপর মেয়েরা শিরোপা জেতায় সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি উঠেছে, শান্তদের ম্যাচ ফি কেটে ফুটবলারদের দেওয়ার।

বাংলাদেশে জনপ্রিয় খেলা ফুটবল হলেও বাণিজ্যিকভাবে সফল হয়েছে ক্রিকেট। ব্যাপক দর্শকপ্রিয়তার কারণে এই দেশের ক্রিকেটে টাকার ছড়াছড়ি। বিসিবির ১২০০ কোটি টাকার ওপর ডিপোজিট আছে বলে শোনা যায়। একটি ম্যাচ খেললে নাজমুলরা বিপুল অংকের অর্থ পেয়ে থাকেন। কিন্তু সে তুলনায় তাদের সাফল্য অনেক কম বলে দাবি করছেন ক্রীড়ামোদীরা।

অন্যদিকে দুর্নীতি-অনিয়মে আকণ্ঠ নিমজ্জিত ফুটবলে টাকার ছড়াছড়ি নেই। মোটা টাকা সম্মানী তো দূরের কথা, মেয়েদের নামেমাত্র বেতন পর্যন্ত আটকে থাকে মাসের পর মাস! এত সমস্যা নিয়ে পরপর দুইবার দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন হওয়া চাট্টিখানি বিষয় নয়। এই জয়ের পেছনে মেয়েদের অদম্য ইচ্ছা আর দেশপ্রেমকেই দেখছেন সবাই।

তাই ক্রীড়ামোদীদের দাবি, চট্টগ্রাম টেস্টে নিশ্চিত হারের মুখে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফি কর্তন করা হোক। সেই টাকা পুরস্কার হিসেবে দেওয়া হোক চ্যাম্পিয়ন মেয়েদের। ক্রীড়ামোদীদের এই দাবি কি পূরণ হবে? উল্লেখ্য, ২০২২ সালে মেয়েরা সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার ঘোষণা করেছিল বিসিবি। সেই পুরস্কারের টাকা নিয়েও নানারকম নাটক করেছিলেন তৎকালীন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।