পল্লবীতে মাদক কারবারের দ্বন্দ্ব

সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে প্রাণ গেল ঘরে থাকা নারীর

রাজধানীর পল্লবীতে সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে নিহত হয়েছেন এক নারী। তার নাম আয়েশা আক্তার (৩৫)। গতকাল বুধবার দুপুরে বাউনিয়া বাঁধ বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা নিজের বাসার জানালায় দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। এ সময় মাথায় গুলি লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

এদিকে রাজধানীর সবুজবাগে ওই এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মো. নয়ন আহম্মেদ ওরফে রমজানকে পিটিয়ে হত্যা করেছে একদল মানুষ। গতকাল বিকেলে ভাইগদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পল্লবীর বাউনিয়া বাঁধ এলাকায় রাস্তা থেকে সন্ত্রাসীদের ছোড়া গুলি পাশের একটি বাড়ির তিনতলায় নিজের বাসায় থাকা আয়েশা আক্তারের মাথা এফোঁড়-ওফোঁড় করে বেরিয়ে যায়। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকছুদের রহমান বলেন, ‘কী কারণে এ ঘটনা ঘটেছে সেটা আমরা প্রাথমিকভাবে পুরোপুরি নিশ্চিত হতে পারনি। তবে ধারণা করা হচ্ছে, এটি মাদক ও চাঁদাবাজি-সংক্রান্ত ঘটনা। একদল সন্ত্রাসী সেখানে এসেছিল একজনকে খুঁজতে। তাকে সন্ত্রাসীরা তখনও পায়নি। এরই মধ্যে স্থানীয়রা সন্ত্রাসীদের ঘিরে ফেলে। সেখান থেকে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার জন্য আতঙ্ক সৃষ্টি করতে গুলি ছোড়ে। সেই গুলি গিয়ে লাগে আয়েশা আক্তারের মাথায়। আয়েশা ওই এলাকার একজন সাধারণ গৃহিণী।’ 

তবে স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে ভিন্ন তথ্য। তারা বলেন, একদল সন্ত্রাসী মামুন নামে এক যুবককে মারধর করছিল। তারা মামুনের কাছে চাঁদাও দাবি করছিল। তাকে বাঁচাতে কয়েকজন স্থানীয় নারী-পুরুষ এগিয়ে গেলে, সন্ত্রাসীরা মামুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। সেই গুলি লাগে তিনতলায় থাকা আয়েশার মাথায়।

জানা গেছে, নিহত আয়েশার দেড় বছর ও তিন বছর বয়সী দুটি সন্তান আছে।

শীর্ষ সন্ত্রাসীকে পিটিয়ে হত্যা : সবুজবাগে নিহত নয়ন আহম্মেদ ওরফে রমজান সবুজবাগ ও বাড্ডা এলাকার ত্রাস হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় চাঁদাবাজি, কন্ট্রাক কিলিং ও অস্ত্রবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১৩টির বেশি খুন ও অস্ত্র আইনে মামলা আছে। অপরাধ করে তিনি ভারতসহ অন্যান্য দেশে গিয়ে পালিয়ে থাকতেন। এলাকাবাসীর ধারণা, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আবার এলাকায় ঢুকে অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছিলেন রমজান। এ কারণে প্রতিপক্ষ গ্রুপও তাকে কৌশলে হত্যা করতে পারে।

পুলিশ জানায়, রমজান সর্বশেষ দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন ২০২১ সালে। রমাজনের নির্দেশে ২০১৮ সালের জুন মাসে খুন হন বাড্ডার আওয়ামী লীগ নেতা ফরহাদ। এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ফরহাদকে হত্যা করে রমজানের অনুসারীরা।

বনশ্রীতে চাঁদা নিয়ে খুন, গ্রেপ্তার ২ : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যার ঘটনায় হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন সোহেল (৩২) ও রাতুল ইসলাম (২১)। গত মঙ্গলবার রাত ১০টার দিকে বনশ্রী লেগুনা স্ট্যান্ডে ছুরিকাঘাতে হত্যা করা হয় হাসান হাওলাদারকে।