দিনের শুরুটা যেভাবে হয়েছিল, তাতে মনে হচ্ছিল প্রথম সেশনেই অলআউট হয়ে আবার ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে। তবে মুমিনুল হকের দারুণ ব্যাটিং আর তাইজুল ইসলামের প্রতিরোধে সেই শঙ্কা এড়ানো গেছে।
লাঞ্চ বিরতির সময় বাংলাদেশে রান ৮ উইকেটে ১৩৭।
আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৯৭ বলে ৭৪ রান করে অপরাজিত মুমিনুল হক। প্রিয় মাঠে আরেকটি সেঞ্চুরি তাকে হাতছানি দিচ্ছে। স্পিনে দারুণ খেলার পাশাপাশি লাঞ্চের আগে রাবাদাকেও দারুণ পুল শটে বাউন্ডারি মেরেছেন তিনি।
৬৭ বল খেলে ১৮ রান করে তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তাইজুল।
৪ উইকেটে ৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ ৪৮ রানে হারায় ৮ উইকেট। মিরপুরের মতো এখানেও ৫ উইকেট শিকার করেন রাবাদা। সেখান থেকে মুমিনুল ও তাইজুলের জুটিতে রান এসেছে এখনও পর্যন্ত ৮৯।
নবম উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জুটি আগে। এর আগে ফিফটি জুটি ছিল একটিই। ২০০৮ সালে ব্লুমফন্টেইনে ৬০ রান যোগ করেছিলেন মুশফিকুর রহিম ও শাহাদাত হোসেন।
এবার শতরানের জুটির পথে মুমিনুল-তাইজুল। তবে ফলো-অন এড়ানো এখনও অনেক দূরের পথ।