সেঞ্চুরি বঞ্চিত মুমিনুল, ১৫৯ রান করে আবার ব্যাটিংয়ে বাংলাদেশ

সংগ্রহটা আরও ছোট হতেও পারত। ৪৮ রানে ৮ উইকেট হারানোর পর ১০৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে ১৫৯ রানের সংগ্রহ দিয়েছেন মুমিনুল ও তাইজুল। ৮২ রান করেছেন মুমিনুল, তাইজুল ৩০। এই দুজন ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন শুধু মাহমুদুল, তিনি করেছেন ১০ রান।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছে ৫৭৫ রান। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের লিড ৪১৬ রানের।

দক্ষিণ আফ্রিকা ফলো–অন করানোয় দ্বিতীয় ইনিংসে এখন আবার ব্যাটিংয়ে নামতে হবে বাংলাদেশকে। ফলো–অন এড়াতে বাংলাদেশের করতে হতো ৩৭৬ রান।

মুতুসামির হাওয়ায় ভাসানো বল ব্যাকফুটে খেলতে চেয়েছিলেন মুমিনুল। তবে বল টার্ন করলে লাগে প্যাডে। তাতে এলবিডব্লিউ হয়ে ৮২ রানে ফিরতে হয় মুমিনুলকে।

সাদমান, নাজমুল, মুশফিকরা ব্যর্থ হয়েছেন। ১৫ ওভারের মধ্যে আউট হয়েছেন বাংলাদেশের ৮ জন ব্যাটসম্যান। সেখান থেকেই বাংলাদেশকে টানছিলেন মুমিনুল–তাইজুল জুটি। এই জুটি ব্যাটিং করেছে ২৭ ওভারের বেশি সময়। গড়েছে ১০৩ রানের জুটি। টেস্টে যা নবম উইকেট জুটিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ।