যশোরে ভাড়াটিয়ার হাতে গৃহবধূ খুন

যশোর শহরতলীর শেখহাটিতে ভাড়াটিয়ার হাতে খুন হয়েছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক। 

নিহত শাহানারা বেগম (৫৫) শেখহাটি এলাকার ইজিবাইক চালক আতিয়ার রহমানের স্ত্রী। অভিযুক্ত ভাড়াটিয়া বাবলার বাড়ি যশোর সদরের তালবাড়িয়া গ্রামে। 

পরিবারের সদস্যদের বরাতে যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, স্বামী আতিয়ার রহমান বুধবার সন্ধ্যায় এসে বাড়ির গেট তালা দেওয়া দেখতে পান। স্ত্রী বাইরে কোথাও গেছেন ভেবে অপেক্ষা করেন। রাতেও শাহানারা বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার সকালে পাচিল টপকে গিয়ে দেখতে পান তাদের ও ভাড়াটিয়ার ঘরে তালা দেওয়া। তালা ভেঙে ঘরে ঢুকে শাহানার গলাকাটা মরদেহ দেখতে পান। তার কান, গলা ও নাকের স্বর্ণালংকার খুলে নিয়েছে হত্যাকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ছেলে ইউসুফ জানান, ভাড়াটিয়া বাবলাও ইজিবাইক চালাতেন। তিন মাস আগে তিনি তাদের বাড়িতে একটি ঘর ভাড়া নেন। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ আসতে থাকে। সম্প্রতি তার স্ত্রী তাকে ছেড়ে চলে যান। তালবাড়িয়া গ্রামের সুমন নামে অপর এক অপরাধীর নিয়মিত যাতায়াত ছিল বাবলার ঘরে। এসব কারণে তাকে ঘর ছেড়ে দিতে বলেন তার মা শাহানারা। এ নিয়ে কথা কাটাকাটিও হয়েছে তাদের। এর জের ধরে তাকে হত্যা করে সোনার গহনা লুট করে নিয়ে পালিয়েছে। 

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) দেবাশীষ রায় জানান,  ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেননি পরিবারের কেউ। পুলিশ ঘটনায় জড়িতদের খুঁজছে।