উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাসচিব লয়েড অস্টিন। তিনি একে বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেন। গতকাল বুধবার (৩১ অক্টোবর) ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউনের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বলেছে, উত্তর কোরিয়ার কিছু সেনা ইউক্রেনের সীমান্তে রাশিয়ার কুরস্ক অঞ্চলে যাচ্ছে। যেখানে ক্রেমলিনের বাহিনী ইউক্রেনের অনুপ্রবেশ ঠেকাতে লড়াই করেছে। উত্তর কোরিয়ার কিছু অগ্রগামী ইউনিট ইতিমধ্যেই কুরস্ক অঞ্চলে পৌঁছেছে।
ইউক্রেনের জাতিসংঘের রাষ্ট্রদূত সার্জি কিসলিয়্যাস বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তৃতায় বলেছেন, এই সপ্তাহে প্রায় চার হাজার ৫০০ উত্তর কোরিয়ান সেনা সীমান্তে থাকবে এবং নভেম্বরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অভিযানে সরাসরি অংশগ্রহণ শুরু করবে।
অস্টিন বলেন, ‘কর্মকর্তারা এ বিষয়ে কী করা যেতে পারে তা নিয়ে আলোচনা করছেন। আমরা আমাদের মিত্র এবং অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছি, যাতে রাশিয়াকে যুদ্ধে সেনা মোতায়েনে নিরুৎসাহিত করা যায়।’
মার্কিন যুক্তরাষ্ট্র ধারণা করছে, রাশিয়ায় এখন প্রায় দশ হাজার উত্তর কোরিয়ার সেনা রয়েছে। তবে অন্যরা সংখ্যাটি বেশি বলেছেন। ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, পূর্ব রাশিয়ার পাঁচটি ঘাঁটিতে প্রায় ১২ হাজার উত্তর কোরিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যার মধ্যে কমপক্ষে ৫০০ জন অফিসার এবং জেনারেল স্টাফের তিনজন জেনারেল রয়েছে।