দুই সন্তান নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে ঝাঁপ দিলেন মা

নিউইয়র্কের এক নারী তার দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাত থেকে ঝাঁপ দিয়েছেন। এতে তিনজনেরই মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

প্রতিবেদনে বলা হয়, চিয়্যান্টি মানে (৩৩) নামের ওই নারীর দুই সন্তানের বয়স যথাক্রমে ৯ বছর আর ৫ মাস। তারা ওই এলাকার বাসিন্দা।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, চিয়্যান্টি মানে সোমবার রাতে লুনা দ্বীপের গার্ডেলের ওপর বয়ে চলা জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দেন। তদন্ত কর্মকর্তারা ধারণা করছেন ওই নারী ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিয়েছেন। তবে বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মরদেহ উদ্ধার করতে পারেনি।

চিয়্যান্টি মানে গার্হস্থ্য সহিংসতা নিয়ে পরামর্শ দিতেন। তার মৃত্যুতে তার বন্ধু কায়শাওনা মরগান সোশ্যালে লিখেছেন, এ ঘটনা শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে কাঁদছি। সারারাত ঘুমাতে পারিনি।