সবশেষ আইপিএলে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান খেলেছিলেন চেন্নাই সুপার কিংসে। গেল আসরে চেন্নাইয়ের অন্যতম সেরা পারফর্মার ছিলেন মোস্তাফিজ। তবু আসন্ন আইপিএলের আগে ফিজকে ছেড়ে দিল চেন্নাই। আজ বৃহস্পতিবার ছিল ১০ ফ্র্যাঞ্চাইজির রিটেনশন (খেলোয়াড় ধরে রাখা) তালিকা প্রকাশের শেষ দিন। চেন্নাইয়ের ধরে রাখা তালিকায় মোস্তাফিজ না থাকলেও আছেন মহেন্দ্র সিং ধোনি।
রিটেনশনে সর্বোচ্চ ছয় জন ক্রিকেটার ধরে রাখতে পারতো ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে সব দল ৬ জন ধরে রাখেনি। আইপিএলের রিটেনশনের আগে গুঞ্জনই ছিল রিশাব পান্তকে ধরে রাখবে না দিল্লি ক্যাপিটালস। শেষ পর্যন্ত সেটিই হলো। হাঁটুর চোট সারিয়ে দেড় বছর পর মাঠে ফিরলেও পান্তের পারফরম্যান্স খারাপ না। তবু পান্তকে দিল্লির ছেড়ে দেওয়া বড় ঘটনাই।
শুধু পান্ত নয় বাদ পড়েছেন আরও দুই অধিনায়ক। কলকাতা নাইট রাইডার্সকে গত আসরেই শিরোপা এনে দেওয়া অধিনায়ক শ্রেয়াশ আইয়ারকেও রাখেনি কলকাতা ফ্র্যাঞ্চাইজি। এবার আইপিএলের মেগা নিলামে থাকছে লখনৌ সুপারজায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুলের নামটাও। দলের সাবেক অধিনায়কের সঙ্গে ফ্র্যাঞ্চাইজ মালিক সঞ্জীব গোয়েঙ্কার বিরোধ গত আসরে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তাকে ছেড়ে দিল লখনৌ। গুঞ্জন থাকলেও রিটেনশনে ১৬ কোটি ৩৫ লাখ রুপিতে রোহিতকে ধরে রেখেছে মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেনশন তালিকা
কলকাতা নাইট রাইডার্স : আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং রমনদীপ সিং। রাজস্থান রয়্যালস : সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, সন্দীপ শর্মা ও রিয়ান পরাগ। মুম্বাই ইন্ডিয়ান্স : জাসপ্রিত বুমরা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা এবং তিলক ভার্মা। সানরাইজার্স হায়দরাবাদ : প্যাট কামিন্স, অভিষেক শর্মা, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি ও ট্র্যাভিস হেড। চেন্নাই সুপার কিংস : মহেন্দ্র সিং ধোনি, রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজা, মাথিশা পাথিরানা ও শিবম দুবে। গুজরাট টাইটান্স : শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া ও শাহরুখ খান। লখনৌ সুপার জায়ান্টস : নিকোলাস পুরান, রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, আয়ুশ বাদোনি ও মহসিন খান। দিল্লি ক্যাপিটালস : অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ত্রিস্তান স্টাবস ও অভিষেক পোড়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : বিরাট কোহলি, রজত পাতিদার ও যশ দয়াল। পাঞ্জাব কিংস : শশাঙ্ক সিং ও প্রভসিমরান সিং।