দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়নি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র–জনতার গণ-অভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদমুক্ত হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু করা যায়নি। প্রাথমিকভাবে যেটা হয়েছে, একটা অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে, তারা দায়িত্ব নিয়েছেন।

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্‌যাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্ত অর্থনীতি ও  মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়। এসব ঘটনার প্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরাই দায়িত্ব দিয়েছি, তারা যেন অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করেন। সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। সে লক্ষ্যে তারা এগিয়ে যাচ্ছেন। আমরা তাদের সমর্থন দিয়েছি। গোটা দেশের মানুষ তাদের সমর্থন দিচ্ছে।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলার সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।