রাজনীতি কোনও জমিদারি প্রথা নয়: নুর 

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, তরুণদের রাজনৈতিক দলে আগামী দিনের নেতৃত্বে সকলের সহযোগিতা চাই। পুরাতন দল ও নেতৃত্বে কোনও পরিবর্তন হবে না। প্রয়োজন নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় আমতলী বাধঘাট চৌরাস্তায় আমতলী শাখা আয়োজিত পথসভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। আহ্বায়ক মো. সাইদুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

নুর বলেন, জুলাই বিপ্লবের গণঅভ্যুথানে স্বৈারাচার ফ্যাসিবাদের পতন হয়েছে। আমরা নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। গণঅভ্যুথান পরবর্তী বাংলাদেশে সবাই ইতিবাচক হন। সবাই নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন। সবাই মিলে আমরা এই সমাজ ও রাষ্টকে পাল্টে দেব।

তিনি বলেন, রাজনীতি জমিদারি প্রথা নয়। রাজনীতি একটা জনসেবা। মানুষ রক্ত দিয়েছে বলে স্বৈরাচারের পতন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এখনও পুরণ হয়নি।