ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আরও ৯৫ জন নিহত হয়েছেন। এনিয়ে উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজার ২০০ ছাড়িয়েছে। এছাড়া লেবাননেও হামলা অব্যহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় আরও ৪৫ লেবানিজ নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ৬ স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ভোর থেকে উত্তর গাজাজুড়ে একাধিক বিমান হামলায় অন্তত ৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনের এই ভূখণ্ডজুড়ে অন্যান্য স্থানে আরও অন্তত ২০ জন নিহত হয়েছেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে জানিয়েছে অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া এক বছরেরও বেশি সময় চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
আল জাজিরা জানায়, মূলত গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া এলাকায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। আবার তারা ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলেও তাদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে।
অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সারা দেশে ইসরায়েলের হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে পৃথক হামলায় কমপক্ষে ছয়জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৮৬৫ জন নিহত এবং ১৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।