নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন সেলি (৩৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এর আগে তার স্বামী, দুই ছেলে ও এক মেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান সেলি।
বার্ন ইউনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, সেলির শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় সোহেলের স্ত্রী মুন্নি ২০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তার অবস্থাও আশংকাজনক।
গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে রুপগঞ্জ ডহরগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন বাবুল মিয়া (৪০), তার স্ত্রী সেলি বেগম (৩৫), ছেলে সোহেল মিয়া (২০), ইসমাইল হোসেন (১১), মেয়ে তাসলিমা আক্তার (৯) ও সোহেলের স্ত্রী মুন্নি খাতুন (১৮)। মুন্নি ছাড়া বাকি ৫ জনই একে একে মারা গেলেন।
এদিকে দগ্ধ বাবুলের চাচাত ভাই এনামুল হক জানান, তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ডহরগাঁও এলাকার ওই বাসার নিচতলায় ভাড়া থাকতেন। বাবুল রাজমিস্ত্রী আর স্ত্রী সেলি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।
তিনি আরও জানান, ওই রাতে তারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। হঠাৎ গ্যাসের কম্প্রেসার মেশিন বিস্ফোরণ ঘটে। এতে তারা ৬ জন দগ্ধ হন।