শেষ বিকেলে এলোমেলো ভারত

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আজ শুক্রবার থেকে শুরু হওয়া মু্ম্বাই টেস্ট তাই নিয়মরক্ষার আর ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচানোর। প্রথম দিনের দুই সেশনেই কিউইদের মাত্র ২৩৫ রানে আটকে দিয়েছে রোহিত শর্মার দল।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের প্রথম দিনেই মুম্বাইয়ের পিচ এতটা ভয়াবহ হয়ে উঠবে কে জানত? দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর বল হাতে ভয়ংকর হয়ে ওঠেন। তাদেরকে সামলে উইল ইয়ং আর ড্যারি মিচেল পঞ্চাশোর্ধ দুটি ইনিংস উপহার দেন। চতুর্থ উইকেটে তাদের ৮৭ রানের জুটিটাও সর্বোচ্চ।

দুজনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ১৩৮ বলে ৭১ রান করা ইয়ংকে শিকার করেন জাদেজা। মিচেলের দুঃখটা আরেকটু বেশি। কারণ ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়েছেন ৮২ রানে। কিউইদের ইনিংসে আর কোনো ফিফটি নেই। ৬ ব্যাটার যেতে পারেননি দুই অংকে। জাদেজা ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন। আর সুন্দর নিয়েছেন ৮১ রানে ৪টি। বাকি উইকেটটি গেছে আকাশ দীপের ঝুলিতে।

তবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই ভারতও। শেষ টেস্টের প্রথম দিনের শেষ বিকেলের ভুলে এলোমেলো হয়ে গেছে ভারত। ১ উইকেটে ৭৮ রান করা ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে। টসে জিতে ব্যাটিং করা নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ২৩৫ রানে। ভারত পিছিয়ে আছে ১৪৯ রানে।

ভারতের ইনিংসের ৪ উইকেটের ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, ১টি উইকেট পেসার ম্যাট হেনরির। প্রথম দিনের শেষ সেশনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৮টি। পুনে টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ২৫৯ রান। এই রান তুলেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানের লিড পেয়েছিল। তবে মুম্বাইয়ের উইকেট পুনের মতো ততটা বোলিং–সহায়ক নয়।