ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নারী শিক্ষার্থীদের হল নির্মাণ এবং ৭ কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে ‘৭ কলেজ অধিভুক্তি বাতিল চাই আন্দোলন’ ব্যানারে তারা এই বিক্ষোভ সমাবেশ করেন।
শিক্ষার্থীরা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি একটি ইটের গাঁথুনি হয় তবে সেটা মেয়েদের হলের জন্য হতে হবে। বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আবাসন সংকটে ভুগছে দীর্ঘদিন ধরেই। কিন্তু বিগত কয়েকটি প্রশাসন তাদের শতভাগ আবাসন নিশ্চিত করতে পারেনি। ফলে মেয়েরা গণরুমে মানবেতর জীবন কাটায়। এখনো প্রথম বর্ষের সকল মেয়ে হলে সিট পায় না। অনেকে তৃতীয় বা চতুর্থ বর্ষে গিয়ে সিট পায়৷ তাই আমরা অনতিবিলম্বে আমরা মেয়েদের জন্য হল নির্মাণ করার দাবি জানাই।
শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১৯ সালে ৭ কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করেছিলাম। আমরা প্রায় সফলও হয়েছিলাম। ঠিক তখন সন্ত্রাসী ছাত্রলীগ আমাদের উপর হামলা করে আমাদের অনেক শিক্ষার্থীকে আহত করে। ফলে আমরা আন্দোলন শেষ দিকে এসেও সফল হতে পারিনি। কিন্তু আমরা এবার আন্দোলন ছেড়ে যাব না। ৭ কলেজের অধিভুক্তি বাতিলের আগে আমরা রাজপথ ছেড়ে যাব না।