একযুগ পরে দেশে ফিরে নিখোঁজ হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজনগর গ্রামের মো. আরিফুল (৪২) নামের এক মালদ্বীপ প্রবাসী। নিখোঁজ প্রবাসীর স্ত্রী মোছা. মর্জিনা বেগম মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
মর্জিনা বেগম জানান, বারো বছর আগে তার স্বামী জীবিকার তাগিদে মালদ্বীপ যান। সেখানে গিয়ে কিছুদিন পরে অবৈধ হয়ে যাওয়ার কারণে দেশে ফিরতে পারছিলেন না। তবে পরিবারের সাথে যোগাযোগ ছিল এবং নিয়মিত ভরণপোষণের খরচ পাঠাতেন। গত ১১ সেপ্টেম্বর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে প্রবাসে তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায় ওইদিন তিনি দেশে ফিরে গেছেন। তারা আমাদের কাছে বিমানের টিকেটের ছবি পাঠিয়েছে। আমরা এই টিকেট নিয়ে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে গিয়ে খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি ১১ সেপ্টেম্বর দেশে এসেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।