শেষবেলায় রানআউট কোহলি

তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম দুটি জিতে সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। শুক্রবার থেকে শুরু হওয়া ম্ম্বুাই টেস্ট তাই নিয়মরক্ষার আর ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়িয়ে মান বাঁচানোর। প্রথম দিনের দুই সেশনেই কিউইদের ২৩৫ রানে আটকে দিয়েছে রোহিত শর্মার দল। তবে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে খুব একটা স্বস্তিতে নেই ভারতও। দিন শেষ করেছে ৪ উইকেটে ৮৬ রান নিয়ে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচের প্রথম দিনেই মুম্বাইয়ের পিচ এতটা ভয়াবহ হয়ে উঠবে কে জানত? দুই স্পিনার রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর বল হাতে ভয়ংকর হয়ে উঠলেন। তাদের সামলে উইল ইয়ং আর ড্যারি মিচেল পঞ্চাশোর্ধ্ব দুটি ইনিংস উপহার দেন। চতুর্থ উইকেটে তাদের ৮৭ রানের জুটিটাও নিউজিল্যান্ড ইনিংসে সর্বোচ্চ। দুজনেই সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন। কিন্তু ১৩৮ বলে ৭১ রান করা ইয়ংকে ফেরান জাদেজা। মিচেলের দুঃখটা আরেকটু বেশি। কারণ ওয়াশিংটন সুন্দরের বলে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৮২ রানে। কিউইদের ইনিংসে আর কোনো ফিফটি নেই। ৬ ব্যাটার যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। জাদেজা ৬৫ রানে ৫ উইকেট নিয়েছেন। ইনিংসে ১৪ বার ৫ উইকেট নিলেন জাদেজা। সুন্দর নিয়েছেন ৮১ রানে ৪ উইকেট। বাকি উইকেটটি গেছে আকাশ দীপের ঝুলিতে।

শেষ টেস্টের প্রথম দিনে শেষ বিকেলের ভুলে এলোমেলো হয়ে গেছে ভারত। ভারতের উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ২৫ রানে রোহিত শর্মা ফিরলে। দলীয় ৭৮ রানে যশস্বী জয়সওয়াল আউট হলে নাইটওয়াচম্যান হিসেবে উইকেটে আসা সিরাজ মুখোমুখি হওয়া প্রথম বলেই এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন। এরপর দিনের শেষ ওভারে পাগলাটে এক সিদ্ধান্তে সিঙ্গেল নিতে গিয়ে রানআউট হন বিরাট কোহলি (৪)। ৩১ রান নিয়ে আছেন গিল, তাকে সঙ্গ দেওয়া রিশভ পান্ত উইকেটে আছেন ১ রান নিয়ে। প্রথম দিন শেষে ভারত পিছিয়ে আছে আরও ১৪৯ রানে। ভারতের ইনিংসের ৪ উইকেটের ২টি নিয়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল, ১টি উইকেট পেসার ম্যাট হেনরির। প্রথম দিনের শেষ সেশনে সব মিলিয়ে উইকেট পড়েছে ৮টি।