ইউরোপে যতদিন খেলেছেন, চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যেন তাকে তাড়া করে ফিরেছে। বার্সা সমর্থকদের থেকে সবসময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগান শুনতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। সেই ইউরোপ ছেড়ে এশিয়ায় এসেও ‘মেসি’ পিছু ছাড়ছে না সিআর সেভেনের। মাঠে নামলে মাঝেমধ্যেই প্রতিপক্ষ দল তাকে উত্যক্ত করেন।
সাবেক রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আল নাসরে খেলতে গিয়ে বারবার প্রতিপক্ষ সমর্থকদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। গত ফেব্রুয়ারিতে আল শাবাদের বিপক্ষে মাঠে নেমে ‘মেসি’ ‘মেসি’ স্লোগান শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি রোনালদো। দর্শকদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে ১০ হাজার রিয়াল জরিমানা দিয়েছিলেন।
এবার অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীর নাম শুনে সিআর সেভেন চটে যাননি। গতকাল শুক্রবার আল হিলালের বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষ দর্শকরা তাকে ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে উত্যক্ত করতে থাকেন। জবাবে ৩৯ বছর বয়সী রোনালদো হাসিমুখে দর্শকদের ‘থাম্বস আপ’ দেখান। অবশ্য রেফারি ফেলিক্স জাওয়েয়ারের কাছে নালিশ জানাতেও ভুলেননি সাবেক ম্যান ইউ তারকা।