সংবর্ধনা নিতে যমুনায় সাফজয়ী নারী ফুটবল দল

নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। সেই দলটিকে আজ সংবর্ধনা দিবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরইমধ্যে প্রধান উপদেষ্টার সংবর্ধনা নিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছেছেন সাফজয়ী নারী ফুটবল দল।

শনিবার (২ নভেম্বর) সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলটি সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করে। বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। 

সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যাকে। তবে এই সংবর্ধনায় থাকছেন না কোনো বাফুফে কর্মকর্তারা।

নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের কন্টিনজেন্ট ছিল ৩২ জনের। ২৩ জন খেলোয়াড়ের পাশাপাশি কোচিং স্টাফ ও অন্যান্য কর্মকর্তা ছিলেন ৯ জন। প্রধান উপদেষ্টার বাসভবনে কোচিং স্টাফের মধ্যে শুধু হেড কোচ ও কর্মকর্তাদের মধ্যে ম্যানেজার যাচ্ছেন। গোলরক্ষক কোচ, সহকারী কোচ, ফিজিও, মিডিয়া অফিসার যেতে পারেননি। 

নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেদিন সাফজয়ী নারী ফুটবলারদের ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়া হয়।

ফুটবলারদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সাফজয়ী বীরদেরকে মোট ১ কোটি টাকার আর্থিক পুরস্কার দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। যুব ও ক্রীড়া উপদেষ্টা তাৎক্ষণিক পুরস্কারের চেক তুলে দেন সাফজয়ী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে।