রাজধানীর হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নির্মাণাধীন একটি ভবনে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যু ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ভবনের কেয়ারটেকার জসিম উদ্দিন জানান, রায়েরবাজার শেরেবাংলা রোডে মুক্তি সিনেমা হলের পেছনে ১৪৬ নম্বর একটি নির্মাণাধীন ভবনের কেয়ারটেকার তিনি। ভবনটি ৮ তলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। সকালে তিনি যখন ভবনের নিচে কাজ করছিলেন তখন ভবনটির ১ তলার বর্ধিত অংশের ছাদের উপরে কিছু একটি পড়ার শব্দ শুনতে পান। দ্রুত তিনি উপরে উঠে দেখেন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় সেখানে পড়ে আছেন। তখন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তিনি।
তিনি আরও জানান, তার পরনে টি-শার্ট, ট্রাউজার ও পায়ে ছিল কেডস। তাকে আগে কখনো দেখেননি এবং ভবনটির নির্মাণ শ্রমিকরাও তাকে কেউই চেনেন না। তিনি কীভাবে, কোথা থেকে সেখানে এসেছেন এবং ভবনটির কয় তলা থেকে পড়ে গেছেন বা কি হয়েছে সে বিষয়েও কিছুই জানেন না তিনি।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ বলেন, ‘ওই ব্যক্তির মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করছে।’