সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহার নিয়ে যেন চিন্তার শেষ নেই। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে। কখনও ডিপফেক ভিডিওর ফাঁদ, আবার কখনও ছবি নিয়ে কারসাজির অভিযোগ। এবার এই বিষয় নিয়ে সোচ্চার হলেন ম্রুণাল ঠাকুর। সোশ্যাল মিডিয়াতেই এক যুবককে একহাত নিলেন তিনি।
জানা গেছে, এক যুবক ফটোশপ করে নিজের সঙ্গে ম্রুণালের ছবি জুড়ে দেন। যেন অন্তরঙ্গভাবে দুজনে দীপাবলি উদযাপন করছেন। এই ছবি দেখেই চটে যান ম্রুণাল।
সেই পোস্টের কমেন্টবক্সে অভিনেত্রী লেখেন, ‘ভাই নিজেকে কেন এভাবে সান্ত্বনা দিচ্ছো? আপনার মনে হচ্ছে যেটা করছেন সেটা দারুণ ব্যাপার তাইনা? তা কিন্তু একেবারেই না।’
প্রসঙ্গত, এর আগে রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। অভিনেত্রীর নিজে এই বিষয়টি নিয়ে তুমুল বিরক্তি প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিষয়টি নিয়ে ম্রুণালও যে ‘জিরো টলারেন্স’ নীতিতে হাঁটবেন তা তিনি ভালোভাবেই বুঝিয়ে দিলেন।
প্রসঙ্গত, ছোটপর্দা দিয়েই নিজের অভিনয় সফর শুরু করেছিলেন ম্রুণাল। বর্তমানে বলিউড থেকে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবাধ বিচরণ। চলতি বছরে অভিনেত্রীকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে দেখা যায় তেলুগু সিনেমা ‘দ্য ফ্যামিলি স্টার’-এ। প্রভাসের ‘কল্কি’ ছবিতে অভিনেত্রীকে দেখা গিয়েছিল ক্যামিও চরিত্রে। আগামীতে অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ‘পূজা মেরি জান’, ‘সন অফ সর্দার ২’ ছবি।