মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র বাকি আর দুইদিন। আর তাই শেষ মুহূর্তের প্রচার প্রচারণা নিয়েই ব্যস্ত প্রধান দুই দলের প্রার্থীরা। যুক্তরাষ্ট্রের অন্যতম সুইং স্টেট মিশিগান ও উইসকনসিনে দুটি নির্বাচনী সমাবেশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া উইসকনসিনের অ্যাপলটন ও মিলওয়াকিতে প্রচার চালিয়েছেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস।
গতকাল শুক্রবার রাতে তারা এ প্রচারণা সমাবেশ করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
উইসকনসিনের অ্যাপলটন ও মিলওয়াকির শহরতলিতে প্রচারণা চালিয়েছেন হ্যারিস। সেখানে ইউনিয়ন কর্মীদের উদ্দেশ্য করে ডোনাল্ড ট্রাম্পকে শ্রমিক আন্দোলনের জন্য "হুমকি" হিসেবে অভিযুক্ত করেন , হ্যারিস। তিনি বলেন, ট্রাম্পের অতীত রেকর্ড "শ্রমজীবী মানুষের জন্য বিপর্যয়" ছিল।
জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা মূল অগ্রাধিকার বলে জানান হ্যারিস। এ ছাড়া একজন প্রসিকিউটর এবং সাবেক অ্যাটর্নি জেনারেল হিসাবে পরিচয় দিয়ে হ্যারিস বলেন, তিনি শিকারী, অপরাধী এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে লড়াই করবেন।
এক সময় হ্যারিসের সাথে র্যাপার কার্ডি বিও যোগ দেন, যিনি গর্ভপাতের অধিকারের বিষয়ে ট্রাম্পের নীতির সমালোচনা করেছিলেন।
অন্যদিকে ডাউনটাউন মিলওয়াকিতে ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প জিজ্ঞেস করেন, "আপনারা কি চার বছর আগের চেয়ে এখন ভালো আছেন?" এ সময় মুদ্রাস্ফীতি বন্ধ করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন, নির্বাচনে জয়ী হয়ে যুক্তরাষ্ট্রবাসীর জন্য তিনি আশার বার্তা নিয়ে আসবেন। অর্থনৈতিক ধসের জন্য বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থীকে দায়ী করেন তিনি। ট্রাম্প বলেন, কমলা হ্যারিসের মুদ্রাস্ফীতির নীতি আমেরিকান পরিবারকে হাজার হাজার ডলার খরচ করতে বাধ্য করেছে।
পরে মিশিগানের আরব-আমেরিকান ভোটারদের সাথে দেখা করেন এই রিপাবলিকান প্রার্থী। এই সময় আরব আমেরিকান এবং মুসলিম আমেরিকানদের গাজা যুদ্ধ বন্ধ এবং লেবানন ও ফিলিস্তিনে শাস্তি ফেরানোর প্রতিশ্রুতি দেন তিনি।