ঢাকায় শাহরুখের জন্মদিন পালিত, পথশিশুদের খাবার বিতরণ ভক্তের 

নয় থেকে নব্বই, শুধু কাশ্মির থেকে কন্যাকুমারি নয়; গোটা বিশ্বব্যাপীই শাহরুখ খানের অনুরাগী। তবে মজার বিষয় হলো, উপমহাদেশের সমকালীন যেকোনো তারকার চেয়ে শাহরুখের নারী ভক্তের সংখ্যা  বেশি। তাদের কাছে শাহরুখ মানেই একটা আবেগের নাম, ভালোবাসার নাম।

আজ শনিবার (২ নভেম্বর) কিং খানের জন্মদিন। মুম্বাই ছাড়িয়ে শাহরুখের বিশেষ এই দিন ভক্তদের মাধ্যমে পালিত হচ্ছে বিশ্বের অনেক দেশে। বাদ যায়নি বাংলাদেশেও। ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাবের সদস্যরা দিনটি সেলিব্রেশন করতে ভুলেননি। তাদের একাংশ বিশেষ এই দিনে চলে গিয়েছে মুম্বাইতে, শাহরুখ খানের সঙ্গে দেখা করতে এবং আরেকাংশ ঢাকাতেই জমকালো আয়োজনে পালন করেন বাদশাহের জন্মদিন।

Shahrukh fans

জানা গেছে, ফ্যান ক্লাবটির একাধিক সদস্য একত্রিত হয়ে ঢাকার কেরানিগঞ্জের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শাহরুখ খানের জন্মদিন পালন করেন। শুধু তাই নয়, প্রিয় তারকার মঙ্গল ও সুস্থতা কামনা করে দিনটিতে এলাকার প্রায় অর্ধ শতাধিক পথশিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এই ভক্তরা।