বাংলাদেশের সংবিধানের প্রণেতা ও বর্ষীয়ান আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাত করেছে সংবিধান সংস্কার কমিশন। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টায় মতিঝিলস্থ ড. কামাল হোসেনের কার্যালয়ে যান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজসহ অপর সদস্যরা।
কমিশনের সদস্যরা হলেন, অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ ও মোঃ মুসতাইন বিল্লাহ। সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা মো: সাব্বির মাহমুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।’
এদিকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও অন্যান্য সদস্যরা আগামীকাল এক সংবাদ সম্মেলনে আসবেন। আজ কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিকাল ৩টায় সংসদ ভবন এলাকায় এলডি হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।