অভিনয়ে উপস্থাপিকাদের ভাবেন না নির্মাতারা

অভিনয়ের সুপ্ত ইচ্ছে মনে কিন্তু সেভাবে সুযোগ হয়ে ওঠেনি তার। তাই বলে থেমে থাকেনি তার পথচলা। নিজেকে জড়িয়েছেন উপস্থাপনায়। উপস্থাপনা দিয়েই পরিচিতি পেয়েছেন ইন্দ্রানী নিশি।

এরমধ্যে সম্প্রতি প্রচারে এসেছে বিকাশের একটি বিজ্ঞাপন, যেখানে মডেল হয়েছেন তিনি। প্রচারের পর দারুণ প্রশংসা পাচ্ছেন বলে জানালেন। বললেন, কাজটি প্রচারে আসার পর থেকেই অনেকেই বিভিন্ন রকম মন্তব্য করছেন, সাধুবাদ জানাচ্ছেন। মাছরাঙা টেলিভিশনে নিয়মিত শো করছেন ইন্দ্রানী। এছাড়াও নতুন একটি শো শেষ করেছেন, যা নিয়ে শিগগিরই জানাবেন। পাশাপাশি বিভিন্ন ইভেন্টও করছেন। এরমধ্যে শেষ করেছেন বেশ কয়েকটি বিজ্ঞাপনেরও কাজ।

ইন্দ্রানী নিশি বলেন, ‘এখন নিয়মিত উপস্থাপনা নিয়েই আছি এবং বেশ ব্যস্ত সময় যাচ্ছে। প্রায় প্রতিদিন শো থাকছে। এছাড়াও নতুন একটা শো শেষ করেছি যেটা নতুন বছরে প্রচারে আসবে। তাছাড়া চারটির মতো বিজ্ঞাপন করেছি। এগুলোও শিগগিরই সামনে আসবে।’

অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে খানিকটা আক্ষেপই যেন প্রকাশ করেন তিনি। তার মতে, উপস্থাপিকাদের নিয়ে নির্মাতারা তেমন একটা ভাবেন না, কাজ করতে চান না। উনারা হয়তো ধরেই নেন যে তারা অভিনয় পারেন না।

তিনি বলেন, ‘এগুলোই শুনে আসছি। উনারা হয়তো এগুলো সরাসরি বলেন না তারপরও এ রকমটাই প্রচলিত দেখছি। তারা হয়তো ভাবেন যে, উপস্থাপিকারা নাটকে গিয়ে উপস্থাপনাই করবেন! এর বাইরে আরও একটা বিষয় আছে যে, অনেক নির্মাতা হয়তো তাদের কমফোর্ট জোনের শিল্পীদের বাইরে অন্য কাউকে নিয়ে কাজ করতে চান না। এক্সপেরিমেন্ট করতে চান না, আবার অনেক নির্মাতা-প্রযোজকরা হয়তো নতুনদের নিয়ে ঝুঁকি নিতে চান না। এখন এগুলোই ফেইস করছি। আমাকে নিয়ে সেভাবে কেউ ভাবেনি। কিন্তু আমার অভিনয়টাই করার খুব ইচ্ছে। যেহেতু আমি নাট্যকলা নিয়ে পড়েছি সেদিক থেকে নাটকের প্রতিই আমার টান বেশি। একটা সুযোগের অপেক্ষায় আছি।’ আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টারের দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে শোবিজে যাত্রা শুরু করেন ইন্দ্রানী নিশি। এরপর করোনা মহামারীর কারণে বিরতি নেন। দীর্ঘ বিরতি কাটিয়ে ফেরেন ঠিকই কিন্তু অভিনয়ে নয়, উপস্থাপনায়।