আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে ক্ষমা চাইতে বলেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। সাত দিনের মধ্যে তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। ব্যত্যয় হলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছে ইসকন। গতকাল শনিবার ‘সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকন সম্পর্কে প্রচারিত বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বক্তব্য ও সংবাদের প্রতিবাদ’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, ‘সম্প্রতি আমরা আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের পক্ষ থেকে আমাদের সংগঠনের বিরুদ্ধে হুমকি ও নিষেধাজ্ঞা আহ্বানের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তার বক্তব্য শুধু আমাদের সংগঠনকেই আঘাত করেনি, বরং এটি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা ও সামাজিক ঐক্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আমাদের বিত্নাস, এ ধরনের অযাচিত এবং ভিত্তিহীন বক্তব্য দেশের শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর।’