ভারতের দর্শকরা টিভি পর্দায় দেখতে পাবে বাংলাদেশের চলচ্চিত্র ‘শান’। সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত সিনেমাটির নির্মাতা এম রাহিম। আগামী ১০ নভেম্বর জি বাংলা সিনেমা চ্যানেলে ‘শান’ দেখা যাবে। তবে এই খবরে খুশির বদলে সামনে এসেছে বড় একটি প্রশ্ন।
কারণ, ওপার বাংলায় বেড়াতে গিয়ে ছবিটির নাম পরিচয় বদলে গেছে। ‘অর্জুন: দ্য সুপার কপ’ নামে ছবিটির প্রচার হচ্ছে ভারতে। শুধু তাই নয়, বদলে ফেলা হয়েছে অভিনতা-অভিনেত্রীদের কণ্ঠও। ভাষা বাংলা থাকলেও সিয়াম-পূজাদের পরিবর্তে এতে শোনা যাবে পশ্চিম বাংলার কণ্ঠাভিনেতাদের গলা।
সম্প্রতি জি বাংলা সিনেমার ফেসবুক পেইজে ছবিটির একটি টিজার শেয়ার করা হয়েছে। এরপর থেকেই আলোচনা, শান সিনেমা অর্জুন: দ্য সুপার কপ নামে কি কারণে।
এ প্রসঙ্গে শানের পরিচালক এম রাহিম জানান, এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিবেশক। এর আগে সিনেমাটি হিন্দি ও তামিল ভাষায় ডাবিং করা হয়েছে। তবে বাংলার বিষয়ে আমার কিছু জানা নেই।
এদিকে শনের নায়ক সিনেমার নাম বদলে অর্জুন হয়ে যাওয়ায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করেছেন। পরে আবার ভিন্ন কথা বললেন। সিয়াম বলেন, আমি যতদূর জানি হিন্দি, তামিল, তেলুগুসহ কয়েকটি ভাষায় শানের স্বত্ব বিক্রি করা হয়েছে। তারা কীভাবে সিনেমাটি উপস্থাপন করবেন, সেটা তাদের বিষয়। সিনেমাটি ভারতের দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এমনটা করা হয়েছে। এ ছাড়া নামসংক্রান্ত কোনো জটিলতা থাকতে পারে বলে মনে করেন সিয়াম।
তিনি আরও বলেন, শান কয়েকটি ভাষায় ডাবিং করে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। সেখানে অনেক মানুষ দেখছে। হিন্দি ভাষায় প্রায় ১০ মিলিয়ন ভিউ হয়েছে। এখন টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। এটা কিন্তু আমাদের সিনেমার জন্য ভালো। প্রযোজকের আয়ের পথ বৃদ্ধি হলে তারা আরও বেশি সিনেমা বানাতে আগ্রহী হবেন। সর্বোপরি এটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক দিক।
‘শান’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ২০২২ সালের রোজার ঈদে। পরিচালক হিসেবে এটি এম রাহিমের প্রথম চলচ্চিত্র। সিয়াম পূজা ছাড়াও শানে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, চম্পা, অরুণা বিশ্বাস, সৈয়দ হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, ডন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।