সপ্তাহখানেক সংলাপ মুখস্থ করে এবং অভিনয়ের প্রস্তুতি নিয়ে যশরাজ ফিল্মসের সিনেমার জন্য অডিশন দিতে গিয়েছিলেন নোরা ফাতেহি। অডিশন দেওয়ার পরে বেশ সন্তুষ্টই ছিলেন তিনি। ভেবেছিলেন, দারুণ অভিনয় করেছেন, কাজটা তিনি পাবেন। কিন্তু সেই আশা মোটেও পূরণ হয়নি।
বরং অভিনয়ের জন্য সমালোচিত হয়েছিলেন। যশরাজের পক্ষ থেকে জানানো হয়েছিল, নোরা মোটেও ভালো অডিশন দেয়নি। এমনটা শোনার পর অনেক ভেঙে পড়েছিলেন নোরা। অভিনেত্রী বললেন, ‘এই শুনে আমি ভেঙে পড়েছিলাম। মনে আছে, নিজের মোবাইল ফোনটা ভেঙে ফেলেছিলাম। এত রাগ হয়েছিল, ফোন ভেঙে টুকরো টুকরো করে ফেলেছিলাম।’
সেই ছবি মুক্তি পাওয়ার পরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তখন কিছুটা আশ্বস্ত হয়েছিলেন নোরা। অভিনেত্রীর কথায়, ‘এই ছবিগুলো মুক্তি পাওয়ার পরে মোটেই সফল হয়নি। তখন আমি ভাবলাম, এই ছবির জন্য আমি এত কান্নাকাটি করছিলাম! এই ছবির জন্য আমি নিজের ফোনটা ভেঙে ফেললাম!’
এই ঘটনা থেকে বেশ কিছু বিষয় উপলব্ধি করেছিলেন নোরা। কাজ পাওয়ার জন্য পরিচালকের সামনে অতিরিক্ত মরিয়া হয়ে উঠলে তাতে হিতে বিপরীত হয়। নোরা বলেন, ‘প্রত্যেকের একটা নির্দিষ্ট সময় থাকে। সেই সময় এলে, সব দরজা খুলে যায়। কিন্তু যে দরজাটা খুলবে না, সেটা জোর করে খোলার চেষ্টা করলে আদতে কোনও লাভ হবে না।’
উল্লেখ্য, নোরাকে শেষ দেখা গেছে ‘মাডগাওঁ এক্সপ্রেস’ ছবিতে। দিব্যেন্দু, অবিনাশ তিওয়ারি ও প্রতীক গান্ধিও অভিনয় করেছেন। ছবির পরিচালক কুণাল খেমু।