জনমত জরিপে ট্রাম্পের শক্ত ঘাঁটিতেও এগিয়ে কমলা

একেবারে দোরগোড়ায় এসে পড়েছে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। দেশটির এ বছরের নির্বাচনে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে।

গত দুবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে জয় পেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নতুন এক জনমত জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা হ্যারিস।

মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত তথ্যের বরাতে রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত অক্টোবর মাসের ২৮ থেকে ৩১ তারিখ পর্যন্ত এই জরিপটি পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। গতকাল শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, জরিপে কমলা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন। জনমত জরিপে দেখা গেছে নারীরা, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় জনমত জরিপে ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।

অবশ্য নভেম্বর মাসের প্রথম দুইদিনে পরিচালিত অন্য একটি জরিপে পাওয়া গেছে উল্টো চিত্র। এমারসন কলেজ পোলিং/রিয়েলক্লিয়ারডিফেন্স’র পরিচালিত একটি জরিপে কমালার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে।