অসাধারণ, চোখ জুড়ানো, আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিরাট কোহলিকে ভক্তরা ভালোবেসে ডাকেন ‘কিং’ নামে। আর কয়দিন পরই ৩৬ বছরে পা দেবেন। দুর্দান্ত ফিটনেসের কারণে আরও কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন। কি্ন্ত ফর্ম? সেই কিং কোহলি তো হারিয়ে গেছেন! এমন খারাপ সময় তার ক্যারিয়ারে কখনই আসেনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নিয়েছেন কোহলি। ওয়ানডে ফরম্যাটে তিনি সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। এই দুই ফরম্যাটে তার গ্রেটনেস নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু টেস্ট ক্রিকেট? অনেকের মতে, কোহলি সর্বকালের সেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড় থেকে ছিটকে যাচ্ছেন। কিন্তু এই ফরম্যাটে তার রান সুনিল গাভাস্কারের চেয়েও বেশি। ভারতীয়দের মাঝে তার ওপরে আছেন কেবল শচীন টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়।
কিন্তু চলতি মাসে একটি বিব্রতকর রেকর্ড গড়তে যাচ্ছেন কোহলি। গত পাঁচ বছরে সেঞ্চুরি করে তিনি ভারতকে টেস্ট জেতাতে পারেননি। অথচ, ২০১৬ থেকে ২০১৯ সালের মাঝে তিনি সেঞ্চুরি করে অন্তত ১১টি টেস্ট জিতিয়েছিলেন। এখন তার টেস্ট গড় ৪৭.৮৩, যা ২০১৬ সালের নভেম্বরের পর সর্বনিম্ম। ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতানো সেই সেঞ্চুরির পর তার টেস্ট ফরম্যাটে তার পারফর্মেন্সের গ্রাফ নিচে নামছে।
২০১৯ সালে কোহলির টেস্ট গড় ছিল ৫৫। আর কখনই হয়ত তিনি এই জায়গায় পৌঁছতে পারবেন না। তার চেয়ে বেশি রান করা ব্যাটারদের মাঝে শুধু অ্যালিস্টার কুক আর হাশিম আমলার টেস্ট গড় কম। আমলা তার সর্বশেষ ২৯ ইনিংসে সেঞ্চুরি পাননি, কুক সর্বশেষ ১৮ ইনিংসে করেছেন ১টি সেঞ্চুরি। তবে ক্যারিয়ারের সর্বোচ্চ সময়ে দুজনের গড়ই ছিল পঞ্চাশের বেশি। কোহলির মতোই ২০০৯ সালে মাহেলা জয়াবর্ধনের গড় ৫৪.৬৭ থেকে ৪৯.৮৪তে নেমে গিয়েছিল।
বিদেশের মাটিতে কোহলির টেস্ট গড় আরও কম, মাত্র ৪২.৩৭। অন্তত একশ টেস্ট খেলা ক্রিকেটারদের মাঝে অন্তত ২৪ জনের অ্যাওয়ে গড় কোহলির চেয়ে বেশি। কোহলি তার ক্যারিয়ারের ১৫০ ইনিংসে চার নম্বরে ব্যাট করেছেন। এই পজিশনে তার গড় জ্যাক ক্যালিস, শচীন টেন্ডুলকার, মাহেলা জয়াবর্ধনের চেয়ে কম (৫১.৯২)। সেই ইডেন টেস্টের পর ২০২০ সাল থেকে কোহলির ‘ব্যাডপ্যাচ’ শুরু হয়েছে, যা এখন পাঁচ বছরের কাছাকাছি।
এই সময়ের মধ্যে ৫৯ ইনিংস খেলে কোহলির গড় মাত্র ৩২.২২। সেঞ্চুরি করেছেন দুটি আর ফিফটি তিনটি। এই সময়ের মধ্যে একইসংখ্যক ইনিংস খেলা ক্রিকেটারদের মাঝে সবচেয়ে বাজে গড় নাজমুল হোসেন শান্তর (২৯.৬২)। দ্বিতীয় স্থানে আছেন বিরাট কোহলি। সেঞ্চুরির সংখ্যায় তিনি টম ল্যাথামের সঙ্গে যৌথভাবে সবচেয়ে খারাপ অবস্থানে আছেন। সর্বকালের সেরাদের কাতারে থাকতে হলে ২০১ ইনিংস ব্যাট করা কোহলিকে ১০ হাজার রান করতে হবে, সর্বকালের সেরা পনেরো সেঞ্চুরিয়ান এবং দেশের হয়ে প্রথম তিন রান সংগ্রাহকের একজন হতে হবে। এবং অবশ্যই ব্যাটিং গড়তে নিয়ে যেতে হবে পঞ্চাশের ঘরে।