সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন খুলনা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান বেলাল। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর কমার্স কলেজের পাশে এ ঘটনাটি ঘটে। আহত বেলাল খুলনা জেলা স্কুল এলাকার বাসিন্দা আব্দুল লতিফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে বেলাল মোটরসাইকেল চালিয়ে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। কলেজের কাছকাছি পৌঁছালে পেছন থেকে ২ থেকে ৩টি মোটরসাইকেল তার গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্রদিয়ে বেলালের বাম হাতের কব্জিতে ও ডান হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। বর্তমানে তিনি ওই হাসপাতালের সার্জারী বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস বলেন, ঘটনাটি জানার তদন্ত চলছে। তবে এখনও কোন অভিযোগ বা মামলা হয়নি।