অস্ট্রেলিয়া সফর মানেই ভারতীয় অধিনায়কদের বাবা হওয়া?

ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর মানেই যেন ভারতের অধিনায়কদের বাবা হওয়া। এর আগে অস্ট্রেলিয়া সফরের সময়ে বাবা হয়েছেন সাবেক দুই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি আর বিরাট কোহলি। এবার ফের ভারত যখন অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে, তখন বাবা হতে যাচ্ছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট। বিসিসিআই সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পাঁচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ থেকে ছুটি নিতে পারেন রোহিত। কারণ, প্রথম সন্তান সামাইরার ছয় বছর পর চলতি মাসেই তিনি দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন। তবে সিরিজের আগেই সুসংবাদ চলে এলে তিনি প্রথম টেস্টে খেলতেও পারেন।

এর আগে ২০২১ সালে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারত। প্রথম টেস্ট খেলেই ভারতে ফিরে আসেন কোহলি। সেবার তার প্রথম কন্যা ভামিকার জন্ম হয়। অ্যাডিলেডে অনুষ্ঠিত ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল-আউট হওয়ার লজ্জা পেয়েছিল ভারত। পরের ম্যাচগুলোর জন্য নেতৃত্বভার চাপে আজিঙ্কা রাহানের কাঁধে। তার নেতৃত্বে দুর্দান্তভাবে সিরিজ জিতে নিয়েছিল ভারত।

এর আগে অস্ট্রেলিয়া সফররত অবস্থায় বাবা হয়েছিলেন সাবেক ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে সেটা দ্বিপাক্ষিক কোনো সফর ছিল না, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ খেলতে তিনি দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় ছিলেন। গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট হওয়ায় সন্তান জন্মের সময় তিনি স্ত্রীর পাশে থাকতে পারেননি। বিশ্বকাপের মাত্র এক সপ্তাহ আগে প্রথম সন্তানের জন্ম হয় ধোনি এবং সাক্ষীর।