সাফজয়ী কোচ বাটলারকে ফেরাতে চান কিরণ

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী ফুটবল দলের টুর্নামেন্টটা কেটেছে বিতর্কে। কোচ পিটার জেমস বাটলার এবং ফুটবলাররা গণমাধ্যমের কাছে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। এত কিছুর পরও মেয়েরা ঐক্যবদ্ধ হয়ে শিরোপা ছিনিয়ে এনেছে। এবার সেই বাটলারকেই মেয়েদের কোচ হিসেবে রেখে দিতে চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

গত বুধবার সাফের ফাইনালে বাংলাদেশের ২-১ গোলে জয়ের পর বাটলার ঘোষণা দেন, মেয়েদের কোচ হিসেবে এটাই তার শেষ ম্যাচ। এমনকী শিরোপা উদযাপনেও তাকে সেভাবে দেখা যায়নি। মেয়েরা যে তাকে পছন্দ করছেন না, সেটা তো টুর্নামেন্ট চলাকালীন সময়েই প্রমাণ হয়ে গেছে। আজ রবিবার বাফুফে ভবনে সাংবাদিকদের কিরণ বলেন, দলের মধ্যে অন্তর্কোন্দলের বিষয়টি তিনি আর মাথায় রাখতে চান না।

কিরণের ভাষায়, ‘বাটলার চেয়েছিলেন জুনিয়র কয়েকজন ভালো করছে, তাদের খেলাতে। সিনিয়ররা যেটা পছন্দ করেনি, তারা খেলতে চেয়েছিল। এটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল। টুর্নামেন্ট চলাকালীন মেয়েরা যে অভিযোগ করেছে কোচের বিরুদ্ধে, সেটা আমি তখনি সামলে নিয়েছি। আসলে মেয়েদেরটাও কাউন্ট করা (কথাগুলো গুরুত্ব দেওয়া) ঠিক না, কোচেরটাও নয়।’

বাটলার চাকরি ছাড়ার ঘোষণা দিলেও আলোচনার পথ খোলা রেখেছে বাফুফে। পাশাপাশি তাকে বাংলাদেশ নারী দলের এযাবতকালের সেরা কোচ হিসেবেও ঘোষণা দেন কিরণ, ‘কোচকে আমি বলেছি, আমার সাথে বসে তোমার যে সিদ্ধান্ত সেটা জানাবে। আমার সাথে কথা বলে সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা তাকে রাখতে চাই। অনেক ভালো কোচ। বাংলাদেশে এ যাবৎ যত কোচ এসেছে, তার মধ্যে সে সেরা কোচ।’

নারী উইংয়ের চেয়ারম্যান আরও বলেন, ‘যত কোচ আসছে, অধিকাংশই বই পড়ে কোচ হয়েছে। উনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোচ। পার্থক্য এখানেই। আমরা চেষ্টা করব তাকে রাখতে। আমি তাকে মেসেজ দিয়েছি। আমার কথা সে বুঝতে পেরেছে। তবে আমরা যত চেষ্টাই করি না কেন, আমাদের উন্নতির জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন। বিগত সরকারের কাছেও আমরা আবেদন করেছি, বর্তমান সরকারের কাছেও আমাদের আবেদন থাকবে মেয়েদের ফুটবলের পাশে দাঁড়ানোর।’