চলতি মাসে বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়ের আশঙ্কা খানিকটা কম।
রবিবার (৩ নভেম্বর) আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তরে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে অক্টোবরের আবহাওয়া পরিস্থিতিও তুলে ধরা হয়। অক্টোবরে স্বাভাবিকের চেয়ে ২৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে সেখানো জানানো হয়।
চলতি মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এ সময়ে বঙ্গোপসাগরে হতে পারে এক থেকে তিনটি লঘুচাপ। যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
অক্টোবরেও বঙ্গোপসাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। তবে সেটি বাংলাদেশে আসেনি, আঘাত হেনেছে ভারতের ওড়িশা উপকূলে।
মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে সারাদেশে ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে জানিয়েছেন, নভেম্বরের যে লঘুচাপের কথা বলা হচ্ছে সেটি মাসের দ্বিতীয় সপ্তাহেই সৃষ্টির সম্ভাবনা রয়েছে।