কুমিল্লায় ডাকাতের হামলায় যুবক নিহত

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের হামলায় রফিক মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) রাতে উপজেলার আবিদপুর গ্রামের আবিদপুর উত্তরপাড়া পাটোয়ারীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই এলাকার মো. হাবু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে আবিদপুর গ্রামে একদল ডাকাত আক্রমণ করে। এ সময় রফিক ডাকাত দেখে চিৎকার করেন। এতে গ্রামবাসী সজাগ হলে ডাকাতের দল পালিয়ে যায়। তবে ডাকাত পালিয়ে গেলেও ওই সময় রফিককে খুঁজে পাননি গ্রামবাসী। রবিবার সকালে স্থানীয়রা পার্শ্ববর্তী বেগুনখেতের পাশ থেকে রফিকের লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, ডাকাতদের দেখে ফেলায় রফিককে হত্যা করা হয়।

এ বিষয়ে নিহতের বাবা হাবু মিয়া বলেন, গতকাল রাত ১২টার দিকে আমার ভাইয়ের বাড়িতে ডাকাতের আক্রমণের খবর শুনে আমার ছেলেসহ বাড়ি থেকে বের হয়। ডাকাত চলে গেলে সবাই বাড়ি ফিরলেও আমার ছেলে আর রাতে বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে আমরা ঘুমিয়ে পড়ি, সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে বেগুনখেতে আমার ছেলের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে খবর দেয়। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।

বুড়িচং থানার ওসি মোহাম্মদ আজিজুল হক বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।