দুষ্টু জ্বরে ভুগছে মানুষ

দুষ্টু জ্বরে ভুগছে মানুষ এমনটাই মন্তব্য কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশীর। গায়িকার ভাষ্য, সংগীতজগৎ থেকে শুরু করে চিকিৎসা পেশা সবখানেই এমন চিত্র।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করে ঐশী বলেছেন, এখন তথাকথিত হিট, ভাইরাল হয় আর টাকা কামায় কারা? যারা নেশা করে ভিডিও বানায় তারা, যাদের কোনো স্কিল নেই তারা, শিক্ষা-দীক্ষা ও অ্যাকাডেমিক যোগ্যতা নেই তারা। ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বা পড়াশোনা করে কোনো লাভ নেই এই যুগে, এরা এখন ফকির। ড্রাইভারের বেতনও ডাক্তারের চেয়ে বেশি।

তিনি বলেন, আবার শুনি মেডিকেল অ্যাসিস্ট্যান্টও এখন ডাক্তার পদবি চান। এত সোজা এমবিবিএসের সমান যোগ্যতা অর্জন? নিজের জীবন বিসর্জন দিয়ে ডাক্তার হয় মানুষ। এত সস্তা!

জনপ্রিয় এই গায়িকা বলেন, গান-বাজনার কথা তো বাদই দিলাম। ভালো গান দিলে শুনে না। মসলা লাগবে! আর মসলা দিলে বলে বেশি হয়ে গেছে। আবার অমুকের জামাকাপড় পরা মসলা ভালো না। কিন্তু তমুকের ন্যাংটা মসলা ভালো। ভালোকে বলে কালো আর কালোকে বলে ‘আপু বিউটিফুল’।

ভবিষ্যতে জাতি মেধাশূন্য হবে বলে অভিমত শিল্পীর। তিনি বললেন, ‘যেই সিন্ডিকেট পিউর কাজ করতে চায়, ইন্ডাস্ট্রির উন্নতি করতে চায়, তাদের বলে মদখোর। আর যেই সিন্ডিকেটে কাজ বাদে বাকি সব হয়, তারা চুম্মা, মাশাল্লাহ, অসাধারণ। নেতিবাচক কথা বলা কিংবা ভাবা পরিবার থেকে শিখিনি। পরিবেশ বাধ্য করল। সুস্থ ও সুন্দরভাবে কাজের স্বপ্ন যারা দেখে, তাদের গলা টিপে হত্যা করবেন না। না হলে ভবিষ্যতে জাতি হবে মেধাশূন্য। আমি ছোট মানুষ। মাফ করবেন।’

ঐশী জনপ্রিয় সংগীতশিল্পী কিন্তু এই পরিচয়ের বাইরে তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি একজন চিকিৎসক।