বলিউডের সিনেমাগুলোয় নায়িকা হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ন্ত্রণ করেন নায়করাই। প্রোডাকশন হাউজগুলোও এতে ভূমিকা রাখে। সম্প্রতি এমনই মন্তব্য করলেন তাপসী পান্নু। তিনি বলেন, অনেক সময় দর্শকরাও জানে নায়করা তাদের বেশিরভাগ সিনেমায় কে নায়িকা হবেন তা ঠিক করেন। প্রায় ৭৫ শতাংশ ক্ষেত্রে এটিই সত্যি। আর এই পছন্দ নায়কের আকাক্সক্ষা থেকে হয়।
রাজকুমার হিরানির সর্বশেষ হিট ডানকি ও বক্স অফিসে ফ্লপ হওয়া যোদ্ধা-২-এর জন্য তাপসী পান্নু খুব একটা পারিশ্রমিক পাননি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে পারিশ্রমিক নিয়ে বৈষম্যের বিষয়ে মুখ খোলেন তাপসী পান্নু। তিনি বলেন, ডানকি এবং যোদ্ধা-২-এর মতো বাণিজ্যিক সিনেমাগুলোয় তার পারিশ্রমিক প্রত্যাশার চেয়ে কম ছিল। সেখানে নায়ককে তার চেয়ে বেশি টাকা দেওয়া হয়েছে। অভিনেত্রী বলেন, ‘অনেকে মনে করেন যোদ্ধা-২ বা ডানকির মতো সিনেমা করে অনেক পারিশ্রমিক পেয়েছি। কিন্তু বাস্তবতা উল্টো। আমার চরিত্রের নামে হওয়া সিনেমাগুলোর জন্য আমি বেশি পারিশ্রমিক পেয়েছি। যেমন হাসিন দিলরুবা।’ তিনি অভিযোগ করেন, ‘বাণিজ্যিক সিনেমায় আমাকে সত্যিই খুব একটা পাত্তা দেয় না। তারা মনে করে আমাকে এ ধরনের সিনেমায় নিয়ে একটা উপকার করছে। আমি প্রতিদিন এই বৈষম্যের সঙ্গে লড়াই করছি।’