বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসাসেবা দেবে তুরস্ক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে আহত সাত বাংলাদেশিকে বিনামূল্যে তুরস্কে চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশেটির সরকার।
গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে গণ-অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা দেওয়ার অনুরোধ জানায় ঢাকা।
এতে আরও বলা হয়, গত ২৭ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের টেলিফোনে আলাপ হয়। টেলিফোন
সংলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের একটি সরকারি প্রতিনিধিদল গত ১৩ থেকে ১৫ অক্টোবর বাংলাদেশ সফর করে।
এ সময় নির্বাচনব্যবস্থা, আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রমে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে তুর্কি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।