আফ্রিকার শীর্ষ উড়োজাহাজ সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইনস আদ্দিস আবাবা-ঢাকা-আদ্দিস আবাবা রুটে উদ্বোধনী ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। এয়ারলাইনসটির বোয়িং ৭৮৭-৯০০০ ড্রিমলাইনার, ফ্লাইট ইটি ৬৭৮ গতকাল রবিবার সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে। এ সময় জলকামান স্যালুটের মাধ্যমে ফ্লাইটটিকে স্বাগত জানানো হয়। ফিরতি ফ্লাইটটি সকাল পৌনে ১০টায় আদ্দিস আবাবার উদ্দেশে ছেড়ে যায়।
এ রুটে নিয়মিত উড়োজাহাজগুলো রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাবে। এ ছাড়া অতিরিক্ত ফ্লাইট প্রতি সোম এবং শুক্রবার সকালে ঢাকা ছাড়বে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়া ইথিওপিয়ান এয়ারলাইনসের প্রতিনিধিদলকে স্বাগত জানান। ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু এবং ইথিওপিয়ান এয়ারলাইনস গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার লেম্মা ইয়াদেচার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেবিচক চেয়ারম্যান মনজুর কবির ভূঁইয়া বলেন, ইথিওপিয়ান এয়ারলাইনস আফ্রিকার শীর্ষস্থানীয় ক্যারিয়ার হিসেবে স্বীকৃত এবং বাংলাদেশে এর প্রবেশ দেশের অ্যাভিয়েশন শিল্পের জন্য একটি নতুন আশার আলো। এর মাধ্যমে দুদেশের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে বলে আমি আশাবাদী। তিনি আরও বলেন, এই অংশীদারত্ব নতুন সুযোগের পথ প্রশস্ত করবে এবং বাংলাদেশ ও আফ্রিকার গতিশীল অর্থনীতির মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন গড়ে তুলবে।
অনুষ্ঠানে ইথিওপিয়ান সিভিল অ্যাভিয়েশন অথরিটির মহাপরিচালক গেটাচিউ মেনগিস্টি আলেমায়েহু, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং বাংলাদেশে ইথিওপিয়ান এয়ারলাইনসের জেনারেল সেলস এজেন্ট রিদম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহাগ হোসেন বক্তব্য দেন।