মধ্যপ্রাচ্যের দেশ ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে সামরিক বাহিনীর একটি ছাদবিহীন বিমান (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জেনারেলসহ দুই সদস্য নিহত হয়েছেন।
সোমবার এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
বিবৃতিতে আইআরজিসি জানায়, সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি এবং হামেদ জান্দাঘি নামের পাইলটকে বহনকারী একটি জাইরোপ্লেন সোমবার আফগানিস্তান ও পাকিস্তান সীমান্ত লাগোয়া সিস্তান ও বেলুচেস্তানের সিরকানের কাছে বিধ্বস্ত হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দুই আইআরজিসি সদস্য দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করার সময় শহীদ হয়েছেন।
ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর পাশাপাশি মাদক কারবারিদের সঙ্গে প্রায়ই ইরানের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়।