নড়াইল সদর উপজেল মুলিয়া ইউনিয়নের শালিয়ার ভিটা গ্রামে শ্যামা পূজার উৎসবে অতিরিক্ত মদ পানে বিমানেশ অধিকারী নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামা পূজার উৎসবকে ঘিরে গত দুই নভেম্বর রাতে বিমানেশসহ কয়েকজন মিলে মদ পান করেন। একদিন পর গতকাল রবিবার সন্ধ্যায় বিমানেশ অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে মারা যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পেশায় একজন মোবাইল মেকানিক ছিলেন বিমানেশ। তার মৃত্যুতে মুলিয়া বাজারে সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা হয়।