পকেটে কার্তুজ নিয়ে গভীর রাতে পুলিশের সামনেই ঘোরাফেরা করছিল এক যুবক। সন্দেহজনক আচরণ দেখে গতকাল রবিবার রাত ৩টার দিকে নগরের বাকলিয়া থানা পুলিশ রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক ওই যুবককে আটক করে। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে .৩০৩ ক্যালিবারের অবিস্ফোরিত একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
এ সময় তার মোবাইল ফোন তল্লাশি করে একনলা বন্দুক হাতে একটি সেলফি দেখতে পায় পুলিশ। এই সম্পর্কে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রামের বাড়ি সাতকানিয়ায় বন্দুকটি লুকানো আছে বলে পুলিশকে জানান মোরশেদ। গতকাল রবিবার ভোরের দিকে সাতকানিয়া উপজেলার দ্বীপেরকুল বাংলাবাজার এলাকার বাড়ি থেকে উদ্ধার করা হয় সেই বন্দুকের পাশাপাশি একটি কার্তুজও।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ জানান, জিজ্ঞাসাবাদে একপর্যায়ে ওই যুবক স্বীকার করে বন্দুকটি তার বাড়িতে লুকানো আছে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক এবং আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে পুলিশ। মোরশেদের বিরুদ্ধে অস্ত্র আইনে নগরের বাকলিয়া থানায় মামলা হয়েছে।