হঠাৎ অসুস্থ সাবেক মন্ত্রী শাজাহান খান, হাসপাতালে ভর্তি

গ্রেপ্তার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। পরে তাকে হাসপাতালের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, শাজাহান খানের বুকে ব্যথা ও শরীর দুর্বলের কথা বলেছেন। তার ব্লাড প্রেসার হাই। আগে থেকে তার বুকে রিং পরানো। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হৃদরোগ বিভাগে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।

এর আগে রাজধানীর জিগাতলায় আব্দুল মোতালেব (১৪) হত্যা মামলায় গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় ৬টার দিকে গলায় ও বুকে গুলি লেগে নিহত হন আব্দুল মোতালেব। এ ঘটনায় ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ১৪৩, ১৪৭, ৩২৩, ৩০৭, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় এবং বিস্ফোরক দ্রব্য আইনের তিন, চার ও ছয় ধারায় ধানমন্ডি মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২৩ নম্বর আসামি শাজাহান খান।